শান্তি কি আসিবে ফিরে: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
- Update Time : ১১:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী :
রক্ত সিন্ধু পার হয়ে যারা বেঁচেছিল অবশেষে
রূপ-গন্ধভরা স্বপ্নপুরী সোনার বাংলাদেশে।
বাংলা মায়ের কোমল মাটিতে তাদের রক্ত ঝরে
দাবানল যেন জ্বলে দিবানিশি বাংলার ঘরে ঘরে।
লাখো মানুষের ছিনিয়ে নিল মহাসিন্ধুর ঢেউ
ডুবে গেল তারা অথৈ সাগরে ফিরিল না আর কেউ।
ঝঞ্জাহত ক্ষত বিক্ষত রক্তস্নাত বাংলাদেশে
কৃপাণ হাতে ফিরিছে ঘাতক নানা আশে নানা বেশে।
সাধু ঋষী বেশে বক্তারা এসে মঞ্চে মঞ্চে চড়ে
আগুন ঝরানো বক্তৃতা করে খুনের মন্ত্র পড়ে।
চলে যায় সাধু নিজ আশ্রমে ঘুমায় আপন মনে
যুবকেরা মরে লড়াই করে একে অপরের সনে।
সাধু রয় সাধু যুবকের লাশ পড়ে থাকে রাজপথে
জয়ধ্বনি শুনে ঘুম হতে জেগে সাধু চড়ে তার রথে।
বাংলা মায়ের শ্যামল বুকে শান্তি কি আসিবে ফিরে
গহীন রাতে কাঁদিছে জননী ভাসিছে অশ্রু নীরে।
শান্তির আশে বিভূঁই বিদেশে ঘুরিতেছে আজ যারা
বঙ্গ জননী তোমার কোলে কেমনে ফিরিবে তারা।



















