অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
- Update Time : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকারের অধীনে অবশ্যই নির্বাচন হতে হবে। এর বাইরে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না।’
খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদের বা একটা শ্রেণির অধিকার আদায়ের যে বিচ্ছিন্ন আন্দোলন, এটা করে কিন্তু কোনো লাভ হবে না; যদি না গণতন্ত্রের জন্য আন্দোলন করা হয়। জনগণের প্রতিনিধিত্ব থাকলেই তো সেই সরকার জনগণের কথা চিন্তা করবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অনেকবার বলেছি, আবারও বলছি, আসুন, আমরা একটা প্রশ্নে অন্তত একমত হই। সেই প্রশ্নটা হচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই।’



















