জগন্নাথপুরে জব্দকৃত ভিজিএফ এর চাল বিতরণের দাবি
- Update Time : ১১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে সরকারি ভিজিএফ এর চাল ও টাকা বিতরণ করা হলেও উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডের সুবিধা ভোগীদের মধ্যে এখনো চাল ও টাকা বিতরণ না হওয়ায় দরিদ্র জন গোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
জানাগেছে, গত প্রায় এক মাস আগে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র কার্ডধারী সুবিধা ভোগী পরিবারের মধ্যে সরকারি ভিজিএফ এর চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাসিমের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ করেন ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ। এ নিয়ে বড় ধরণের হট্রগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি শান্ত করতে গিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নিতে গিয়ে অবশিষ্ট ১নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডের প্রায় ৭ শতাধিক জনগণের চাল জব্দ করা হয়। চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেয়ার সত্যতা পায় তদন্ত কমিটি। তবে ঘটনার দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও জব্দকৃত চাল ও টাকা বিতরণ না হওয়ায় জনমনে নাভিশ্বাস উঠেছে।
এ ব্যাপারে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অর্জুন দাস বলেন, সরকারি ভিজিএফ এর চাল ও টাকা বিতরণ না হওয়ায় আমার ওয়ার্ডের কার্ডধারীরা খুব কষ্টে আছেন। তাই জরুরি ভিত্তিতে জব্দকৃত চাল ও টাকা বিতরণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।




























