সিলেটে ওয়াজ মাহফিলে সুন্নি-ওয়াহাবিদের সংঘর্ষে মাদ্রাসার ছাত্র নিহত, অাহত অর্ধশতাধিক
- Update Time : ০১:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে বাদানুবাদের জের ধরে সুন্নী মতাদর্শী ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মাদ্রাসার ছাত্র মোজাম্মেল। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামসহ আহত হয়েছেন অর্ধশতাধিক লোক।
সোমবার রাতে জৈন্তাপুরের আমবাড়িতে সুন্নী মতাদর্শীদের আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে ঘিরে এ সংঘাত বাঁধে।
সোমবার রাত ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলে। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র।
সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবি মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ। দু’পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের জের ধরে রাত ২টা পর্যন্ত মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, মাদ্রাসার ছাত্র নিহতের খবর পেয়ে সিলেট নগরীর কাজিরবাজার মাদ্রাসার ছাত্ররা রাত ২টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর তালতলা ঘুরে মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র।



























