বাস উল্টে নিহত ৪, আহত ৪২
- Update Time : ০২:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পুকুরে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে আরও ৪২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সাইকেল আরোহী রতন মিয়া। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ৪২ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে এদের মধ্যে গুরুতর আহত ৩০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ময়মনসিংহ ফায়ার সার্ভিস থেকে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর ভূইয়া ফিলিংস্টেশনের কাছে পৌঁছুলে সাইকেল আরোহী রতন মিয়াকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সহিদুর রহমান জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



























