নৌকাই ভরসা সাত গ্রামের মানুষের!
- Update Time : ০৪:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহ নান্দাইল উপজেলার শেষ প্রান্তে অবস্থিত অবহেলিত রাজগাতী ইউনিয়ন। এই ইউনিয়ন দিয়ে বয়ে গেছে নরসুন্দার শাখা নদী সুখাইজুড়ি। নদীটিকে কেন্দ্র করে আশ-পাশে রয়েছে সাতটি গ্রাম। আর সাত গ্রামের নদী পাড় হওয়ার একমাত্র ভরসা নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীসহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিদিন চলাচল করে। নৌকা ডুবির মতো বড় ধরনের দুর্ঘটনাও একাধিকবার ঘটেছে। সুখাইজুড়ি নদীর উত্তর দিকে কুল ঘেঁষে অবস্থিত একটি দাখিল মাদ্রাসা। তাই প্রতিদিনই শিক্ষার্থীদের মাদ্রাসায় আসতে ও বাড়ি ফিরতে হয় নৌকায় করে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে—সুখাইজুড়ি নদীতে কোনো সেতু না থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই। এতে শিক্ষা, চিকিত্সা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন দিকে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। মাদ্রাসার উদ্যোগে তৈরি করা নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শিশু, নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করছে। স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও সুকাই জুড়ি নদীর উপর একটি সেতু নির্মিত না হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে দরিল্যা, দাসপাড়া, বিলভাদেরা, রাজগাতী, বনাটিসহ আশ-পাশের ৭টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা।
হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, ‘প্রতিদিনই মাদ্রাসার শিক্ষার্থীরা ৫ টাকার বিনিময়ে নদী পারাপার হয়। তাই মাদ্রাসার অর্থায়নে একটি নৌকা কিনে দিয়েছি। এখন তাদের পারাপারে টাকা দিতে হয় না। তবে সাধারণ মানুষ ৫ টাকার বিনিময়ে নদী পার হয়। তিনি আরো বলেন, ‘গত বছর দু’বার মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে নদীতে নৌকাটি ডুবে যায়। তখন কলাগাছের ওপর ভর দিয়ে কোনোমতে জীবন বাঁচায় শিক্ষার্থীরা। কয়েকজন অভিভাবক জানান, ঝড় বৃষ্টির দিনে দুর্ঘটনার ভয়ে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে ভয় পান। তখন স্কুল ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে যায়।
রাজগাতি ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, নদী পারাপারে সারা বছর জুড়ে নৌকাই একমাত্র ভরসা। কোনো সেতু না থাকায় সকল মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষকে। এখানে সেতু নির্মাণ হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ হবে। প্রতিবারই নির্বাচনের পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও আজও সেতু নির্মাণ হয়নি।’ সুত্র: ইত্তেফাক



























