জাতীয়করণের দাবীতে আমরণ অনশনে এমপিওভূক্ত শিক্ষকরা: পঞ্চম দিনে অসুস্থ ৭২ জন
- Update Time : ০৭:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভূক্ত শিক্ষকরা। শুক্রবার অনশনের পঞ্চম দিন পার হয়েছে। অনশনে এ পর্যন্ত ৭২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে শিক্ষকরা জানিয়েছেন।শিক্ষকরা অভিযোগ করেন, কনকনে শীতের মধ্যে শিক্ষকরা রাস্তায় বসে অনশন চালিয়ে গেলেও সরকারের সংশ্নিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। দাবি বাস্তবায়নে শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তবে শিক্ষা-সংশ্নিষ্টরা শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।জাতীয়করণের এক দফা দাবিতে ১০ জানুয়ারি থেকে আন্দোলনে নামেন এমপিওভুক্ত ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ১৫ জানুয়ারি থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার পাশে আমরণ অনশন পালন করে যাচ্ছেন। শিক্ষকদের ছয়টি সংগঠন জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামে’র ব্যানারে এ আন্দোলন পরিচালিত হচ্ছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, আন্দোলনে তাদের ৭২ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ পার্শ্ববর্তী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও আন্দোলনে অংশ নেন। অনেক শিক্ষক শরীরে স্যালাইন লাগিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষক নেতারা মাইকে তাদের দাবি পূরণে আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ-উদ্দীপনা দিয়ে যাচ্ছেন।আন্দোলনকারী শিক্ষকরা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। সারাদেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। অথচ ৩ শতাংশ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। অনশনে অংশ নেয়া শিক্ষকদের সাথে আলাপকালে দৃঢ় প্রত্যয়ে বলেন, জাতীয়করণের দাবী আদায় না করে তারা ঘরে ফিরবেননা।



















