জমি নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের
- Update Time : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জায়গা সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার পুত্র। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পুলিশ জানায়- মন্দরী গ্রামের জায়দুল মিয়ারসহ তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারসহ তাদের লোকজনের। উল্লেখিত সময়ে জায়দুল মিয়া তাদের গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে গতিরোধ করে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। ইতোপুর্বেও বেশ কয়েকবার জায়দুল মিয়া ও মজিদ মিয়ার লোকজনের মধ্যে ভয়াবহ সঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন- বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে জায়গা সম্পত্তি ও দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য নিয়ে পুর্ব বিরোধ ছিল। পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।




























