সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহত
- Update Time : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর টিলাগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানিম খান (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র।
পূর্ব বিরোধের জের ধরে রোববার রাত পৌনে ৯টার দিকে টিলাগড়স্থ রাজমহলের সামনে অবস্থানরত রঞ্জিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী তারিমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ আজাদ গ্রুপের অনুসারীরা।
নিহত তানিম সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে। শহরতলীর ইসলামপুর এলাকায় একটি মেসে থাকতো বলে জানিয়েছে তার সহপাঠিরা।
জানা যায়, নগরীর টিলাগড়স্থ রাজমহল হোটেলে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সদস্যরা তার উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তানিমের মৃত্যুর খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় জমান তার সহকর্মীরা।
এদিকে নিহতের ঘটনা নগরীতে ছড়িয়ে পড়লে নগরজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। প্রতিবাদে নগরীরর চৌহাট্টা পয়েন্ট অবরোধ করে রাখে ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী নেতা-কর্মীরা।
অন্যদিকে খুনের ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টিলাগড়স্থ আজাদুর রহমান আজাদের অফিসের সামনে থেকে জিজ্ঞাসাবাদের জন্য জাকির নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে তানিম খান নামের ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরো বলেন, এই ঘটনার পর টিলাগড় পয়েন্টসহ নগরীতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। টিলাগড়সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমসি কলেজে সশস্ত্র মহড়া ও ককটেলের বিস্ফোরণ ঘটায় আজাদ-রঞ্জিত গ্রুপের কর্মীরা। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে তানিম হত্যাকান্ডে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সমানে দাঁড়ানোকে কেন্দ্র করে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু।




























