০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচারের দীর্ঘসূত্রিতায় আটক বন্দিদের তালিকা চেয়ে কারা কর্তৃপক্ষকে চিঠি
- Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মামলার বিচার দীর্ঘসূত্রিতার কারণে সাত বছরের অধিক সময় ধরে কারাগারে আটক বন্দিদের তালিকা চেয়ে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি।
ওই চিঠিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮টি জেলা কারাগারে থাকা বন্দিদের মধ্যে যাদের মেয়াদকাল সাত বছরের বেশি তাদের তালিকা চাওয়া হয়েছে। রবিবার আইজি প্রিজন বরাবর এই চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারি আইনী সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া মামলাসূমহ সাক্ষ্যগ্রহণসহ নানাবিধ কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার পূর্বেই আটক বন্দি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। সরকারি আইনী সেবা আরো সুনিশ্চিত করার লক্ষ্যে যারা দীর্ঘ সময় ধরে কারাগারে হাজতি হিসাবে আটক রয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ হালনাগাদ তালিকা প্রয়োজন। বন্দিদের এই তালিকা দেয়া হলে মামলার নিষ্পত্তির দীর্ঘসূত্রিতার কারণে আটক এসব অস্বচ্ছল বন্দিদের আইনি সহায়তা প্রদান করা সম্ভব হবে।
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি মামলা দীর্ঘসূত্রিতার কারণে দীর্ঘ ১০ ও পাঁচ বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দিদের তালিকা চেয়ে চিঠি দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ৪৬২ জনের একটি তালিকা লিগ্যাল এইড কমিটির কাছে প্রেরণ করেন। এরপর কমিটি প্রথমে ১০ বছরের বেশি সময় ধরে কারাবন্দিদের আইনী সহায়তা প্রদান করেন। ইতিমধ্যে লিগ্যাল এইড কমিটি কর্তৃক দেয়া আইনি সহায়তা পেয়ে হাইকোর্টের নির্দেশে অনেক বন্দি জামিনে মুক্তি পেয়েছেন। আবার অনেক বন্দির মামলা আদালতের বেধে দেয়া সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। অনেক মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সুত্র ইত্তেফাক




























