জগন্নাথপুরে রাতের আধারে কুশিয়ারা নদী থেকে বালু মাটি উত্তোলন !
- Update Time : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আধারে একটি সিন্ডিকেট কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে সেতুর কাজ শুরু হলে সরব হয়ে উঠে একটি চক্র।
গত কয়েক মাস আগে কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উত্তোলন কৃত মাটি জব্দ করলে তা বন্ধ হয়ে যায়। ইদানিং আবার প্রায় এক সপ্তাহ ধরে রাতের আধারে কুশিয়া নদী থেকে বালু মাটি উত্তোলন করার অভিযোগ উঠেছে।
সরজমিনে স্থানীয়দের মধ্যে অনেকে অভিযোগ করে জানান, রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ী ডিলার নেতা ধনেশ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি চক্র প্রতিদিন রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে পাইপ লাগিয়ে অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে সেতু কর্তৃপক্ষের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় এ বিষয়ে পরে কথা হবে বলে তিনি এড়িয়ে যান। তিনি প্রশ্ন রেখে বলেন, মাটি তো আরো অনেকে তোলে, তবে শুধু আমার নাম আসে কেন।
এ ব্যাপারে স্থানীয় রাণীগঞ্জ ইউনিয়ন তপশিলদার কৃষ্ণ কান্ত দাস বলেন, আগে উত্তোলন কৃত মাটি জব্দ করা হয়েছে। এখন কেউ রাতের আধারে মাটি উত্তোলন করার বিষয়টি জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে
ক্যাপশন-জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে এভাবে পাইপ লাগিয়ে বালু মাটি উত্তোলন করা হয়। ইনসেটে ধনেশ রায়।





























