সুনামগঞ্জে শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় আটক, পলাতক মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
- Update Time : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আপত্তিকর অবস্থায় হাফিজ আব্দুল কাদির বাবুল নামে এক ইমাম ও শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত আব্দুল কাদির বাবুল নরসিংপুর গ্রামের হারিছ আলী’র ছেলে এবং স্থানীয় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিক্ষার্থীসহ তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে যান বলে জানা গেছে। বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ও ইমাম আব্দুল কাদির বাবুল পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার দুপুর ১২টায় নরসিংপুর গ্রামের মসজিদের সামনে গ্রামবাসী এক সভায় মিলিত হন। সভা থেকে অভিযুক্ত শিক্ষক ও ইমামকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ঘটনার বিষয়ে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান বলেন, ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই মসজিদ এবং মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়ের পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত শিক্ষক ও ইমাম পলাতক রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।




























