নতুন বছরে ছাপছে ৩০ কোটির বেশি পাঠ্যবই
- Update Time : ০৫:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরে ৩০ কোটির বেশি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের সব বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বই দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৯৮ শতাংশ প্রাথমিকের বই উপজেলায় পৌঁছে গেছে এবং মাধ্যমিকের ৭৭ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করে তিনি এটিকে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই ছাপা হচ্ছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হবে। এনসিটিবির ১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী চার স্তরের কাজের অগ্রগতি নিচে দেওয়া হলো:
প্রাক-প্রাথমিক: মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে।
প্রাথমিক (প্রথম-পঞ্চম শ্রেণি): মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ফর্ম ছাপা হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং পিডিআই ৯৭ দশমিক ২৮ শতাংশ। গত ২৯ অক্টোবরের মধ্যেই প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছেছে এবং আগামী ২০ নভেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
ইবতেদায়ি (প্রথম-পঞ্চম শ্রেণি): মোট ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪টি বইয়ের মধ্যে ফর্ম ছাপা হয়েছে ৯৬ দশমিক ৯১ শতাংশ, বাঁধাই ৯৩ দশমিক ৬৭ শতাংশ এবং পিডিআই শেষ হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ।
মাধ্যমিক (ষষ্ঠ-দশম শ্রেণি): সবচেয়ে বেশি বই থাকা এ স্তরে মোট ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বই ছাপার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নবম শ্রেণির বই ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। এখন পর্যন্ত ফর্ম ছাপা হয়েছে ৮২ দশমিক ৩৭ শতাংশ, বাঁধাই ৮০ দশমিক ২১ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৭৭ দশমিক ১২ শতাংশ। ৪৯টি মুদ্রণপ্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের নির্ধারিত কাজ শেষ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক স্তরের বই সরবরাহে ৩০ নভেম্বরকে প্রধান সময়সীমা ধরা হলেও এই সময়ের মধ্যে ৯০ শতাংশের বেশি বই উপজেলায় পৌঁছানোর প্রত্যাশা রয়েছে; বাকিগুলো ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
দ্রুতগতির কাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হচ্ছে না জানিয়ে এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সরাসরি কার্যক্রম তদারকি করছেন। মানহীন বই যেন না যায়, সেজন্য নিয়মিত পরিদর্শন ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




























