সিলেটের জৈন্তাপুরসহ দুটি নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন
- Update Time : ০৩:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরসহ নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে মাতামুহুরী থানা স্থাপন করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়াতে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন মোকামতলা পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার বর্তমান পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনিক কাজের সুবিধার্থে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় সরকার বিভাগ।




























