সিলেটে হচ্ছে এআই প্রশিক্ষণ কেন্দ্র, আইসিটি উপদেষ্টাকে নিয়ে শিগগিরই পরিদর্শন
- Update Time : ০৩:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একইসঙ্গে সিলেটকে বিনিয়োগবান্ধব, নিরাপদ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আইনশৃঙ্খলা জোরদারের ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী জানান, সিলেটে একটি এআই প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে আইসিটি উপদেষ্টাকে সিলেটে এনে বিষয়টি চূড়ান্ত করা হবে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের তরুণদের ফ্রিল্যান্সিং ও আইটি খাতে সম্পৃক্ত করা গেলে তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিনিয়োগ আকর্ষণের পূর্বশর্ত হিসেবে যোগাযোগ ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং রেল যোগাযোগের আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ফেস রিকগনিশন প্রযুক্তি ও রাতের নজরদারিসম্পন্ন উন্নত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমিয়ে সিলেটকে ব্যবসা, বিনিয়োগ এবং পর্যটনের জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।




























