সুনামগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
- Update Time : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের যুবক। দুই ভিন্ন দেশের নাগরিকের এই বৈবাহিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় এলাকায় শুরু হয়েছে কৌতূহল ও আলোচনা। কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ে। তার স্বামীর নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় কুশবু বেগম ও চীনা নাগরিক জাংলংয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন সোমবার রাতে তাদের বিয়ের খবর স্থানীয়ভাবে জানাজানি হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ধর্মপাশার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়েকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা। তবে কীভাবে তাদের পরিচয় ও সম্পর্কের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিনের এক যুবকের সঙ্গে বৌলাম গ্রামের কুশবুর বিয়ে হয়েছে।




























