সাংবাদিকের ওপর হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন
- Update Time : ০৩:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সংবাদ’-এর দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল মোতালিব ভূঁইয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার। অভিযুক্ত চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি আব্দুল আহাদ ভূঁইয়ার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত সকল সহযোগীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইউসুফ ভূঁইয়ার ছেলে আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালান, অস্ত্র ব্যবসা ও মানবপাচারসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার অব্যাহত অপরাধের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব থেকে সাহসী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোতালিব ভূঁইয়াকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল সে। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাবাজারের চৌধুরীপাড়ায় সাংবাদিক মোতালিবের কার্যালয়ে ঢুকে দলবল নিয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় সাংবাদিক মোতালিব গুরুতর রক্তাক্ত ও জখম হলে স্থানীয় জনতা ধাওয়া করে প্রধান হামলাকারী আহাদকে গণধোলাই দিয়ে বেঁধে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় সাংবাদিক মোতালিবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, চিহ্নিত অপরাধী আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র পাচারসহ একাধিক মামলা রয়েছে। প্রতিবারই সে জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলা মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে এই মাদক সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সন্ত্রাসী চক্রকে নির্মূল করা না হলে বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে বাবার ওপর এমন বর্বর হামলার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেয় আহত সাংবাদিকের স্কুলপড়ুয়া ছেলে সিজান ভূঁইয়া।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুল্লাহ হেলালী ও এম এ করিম লিলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন শিহাব, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানুর ওয়াদুদ সাগর এবং দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মেসবাহ।
এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান ও আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মান্না, যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাঈম ও হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, সদস্য মো. আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার, রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর মুহাম্মদ ও দফতর সম্পাদক শুকুর আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিক মোতালিবের ওপর হামলার পর উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশে দেয়। আহাদকেও পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক পূর্ব মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।




























