সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা
- Update Time : ০৩:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে খাগড়াছড়ির রামগড়ে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। জুয়া ত্যাগের প্রতিজ্ঞা করা যুবকের নাম মো. সজিব (২৫)। তিনি উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে সজিব নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন। এ জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা হেরে গিয়ে এখন তিনি নিঃস্ব। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে আজ দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন। রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে ছেলেটি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার ও পরিবার এবং এলাকার জন্য ভালো। আবদুল মান্নান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন ভালো পথে থাকেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ সেটা সরাসরি বা অনলাইনে হোক এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। জনসচেতনা সৃষ্টির লক্ষে নিয়মিত পুলিশের মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণা চলমান রয়েছে।




























