বিএনপি নেতাকে আটকের পর থানা ঘেরাও নেতাকর্মীদের
- Update Time : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পুলিশ। প্রতিবাদে নেতাকর্মী ও সমর্থকরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। রোববার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজির অভিযোগ রযেছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে।
রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। তাকে আটকের পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে দেখা গেছে, শতাধিক নেতাকর্মীরা থানায় ঘেরাও করেছেন। তাদের মধ্যে অনেকে পরিবহন শ্রমিক। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ের বিস্তারিত পরে জানানো হবে।

























