দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি
- Update Time : ০১:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) ২০২৭ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১ ফেব্রুয়ারি। আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষার ফি জমা নেওয়া শুরু হবে। রোববার (৪ অক্টোবর) বোর্ডের অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হার প্রযোজ্য থাকবে ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়া যাবে। এ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে। পরীক্ষার সময়সূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ২১ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।
ফি জমা দেবেন যেভাবে
পরীক্ষার ফি বোর্ডের সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।
ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।




























