চলতি অর্থবছরেই সিটিসহ স্থানীয় নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা
- Update Time : ০৫:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এরইমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, এই পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। জাতীয় বাজেটেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের সব সরকারি ভবনকে পর্যায়ক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বিভিন্ন সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনেও চালু করা হবে সৌরবিদ্যুতের ব্যবস্থা। তিনি বলেন, শুধু অফিস আদেশ জারি করে দায়িত্ব শেষ করা হবে না। সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা যাচাই করা হবে। তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করা হবে। এতে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। এর আগে শহরের কলেজ রোডের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
শ্রীমঙ্গলের ময়লার ভাগাড়ের সমস্যা সমাধানেও নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে ময়লা ফেলার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেখানে বসতবাড়ি গড়ে ওঠায় স্থানীয়দের আপত্তি রয়েছে। তাই শহর থেকে কিছুটা দূরে পরিবেশের ক্ষতি হবে না, এমন সরকারি জায়গা খুঁজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শুধু ময়লা ফেলার জায়গা তৈরি না করে সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শ্রীমঙ্গলে বর্তমানে জমে থাকা বর্জ্য ব্যবস্থাপনার জন্যও নতুন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত একজন পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে। ওই পরামর্শককে লন্ডন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরিদর্শন ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরফরাজ আহমেদ শরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।




























