যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেটে জেলা ও তৃণমূলের প্রস্তুতি সভা
- Update Time : ০৮:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, যুবদল বিএনপির অন্যতম ভ্যানগার্ড। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি ও শৃঙ্খলার মাধ্যমে যুবদলের সাংগঠনিক সক্ষমতার জানান দিতে হবে। তৃণমূলের সক্রিয় অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের এখন থেকেই সমন্বিতভাবে মাঠে নামতে হবে। প্রতিটি ইউনিটের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করে কেন্দ্র ঘোষিত কর্মসূচি রাজপথে সফল করতে হবে।
প্রস্তুতি সভায় জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ সাংগঠনিক মতামত তুলে ধরে বক্তব্য দেন। এ সময় জেলা ও তৃণমূল যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




























