অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে হটলাইনে যোগাযোগের আহ্বান
- Update Time : ০১:৫২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বিল প্রস্তুতে করণিক ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধনের পাশাপাশি কোনো কর্মকর্তা-কর্মচারীর অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মতবিনিময় ও পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ অতিরিক্ত বিল পেয়েছেন— এমন অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের কাছে অভিযোগের কারণ জানতে চাওয়া হয়।
সভায় জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা জানান, এ ধরনের উল্লেখযোগ্য অভিযোগ তাদের কাছে আসেনি। তবে বিদ্যুৎ সচিব বলেন, ‘গ্রাহকদের যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বিল তৈরিতে করণিক বা প্রযুক্তিগত কোনো ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা অসদুপায়ে বিল প্রস্তুতের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সভায় গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অভিযোগ তদন্ত করে দ্রুত সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর হটলাইনে অভিযোগ জানানো যাবে। সভায় লোডশেডিং পরিস্থিতি এবং জেলা পর্যায়ে রুফটপ সৌরবিদ্যুৎ কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসকরা জনদুর্ভোগ কমাতে সরকারের নির্দেশনা অনুযায়ী আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।


























