সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পরে বক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই-সংগ্রাম করে গেছেন। আর আজ দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের নতুন পথে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; ছিল কেবল হত্যা ও গুমের রাজনীতি। সেই ফ্যাসিবাদের কবল থেকে আজ দেশ মুক্ত। ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় জেলা বিএনপির সদস্যসচিবসহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















