বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ১০
- Update Time : ০২:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। আহতরা হলেন, বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০), ইয়াসিন (২২) ও শাহ আলম পাটোয়ারীসহ অন্তত ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ লাখ টাকার দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। এরপর সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড়ভাই উঠে খাবার নিয়ে এলোমেলো কথা বলেন। এসময় বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজে হামলা করার জন্য। এ নিয়ে বাগবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, ‘মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়েছেন। আরেকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



























