অভিযোগ নজরদারিতে ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন
- Update Time : ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে আয়োজিত সভায় সংগঠনটির অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা জরুরি। অপরাধী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে তাদের দাবি, সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে একপক্ষীয় প্রচারণা চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক চরিত্র গঠন এবং সমাজসেবায় কওমি মাদ্রাসার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ সাম্প্রতিক কিছু ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় সমগ্র কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সভা থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়া গ্রহণ বা প্রচার না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান বক্তারা।
কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগ, তথ্য-উপাত্ত, ফ্যাক্ট-চেক এবং প্রয়োজনীয় নথি গ্রহণের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) বিশেষ হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ নম্বরে বার্তা, ভয়েস কল, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠানো যাবে।
এ ছাড়া আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের অধিভুক্ত মাদ্রাসাগুলোর কার্যক্রম তদারকির জন্য পৃথক ‘মাদ্রাসা মনিটরিং সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসা পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদারের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় কওমি মাদ্রাসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্তও জানানো হয়।
কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’-এ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা মুহসিন শরীফ এবং মাওলানা মুফতি মোহাম্মদ আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মো. অছিউর রহমান।



























