সৈয়দপুর পৌরসভা ঘেরাও
- Update Time : ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন চালক ও শ্রমিকরা। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজি বাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সীমিত আয়ের কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন। তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের চালক ও শ্রমিকদের আর্থিক চাপ সৃষ্টি করেছে।
শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।




























