জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- Update Time : ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনটি জানিয়েছে, ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ জুলাই (বুধবার) ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ওই দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা এবং পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই (শনিবার) ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
২০ জুলাই (সোমবার) গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই (বুধবার) জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
২৪ ও ২৫ জুলাই (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ জুলাই-আগস্টের সকল শহীদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
কর্মসূচির শেষ পর্বে ৩ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।


























