অবশেষে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি!
- Update Time : ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি আগামী ৯ মে ঢাকা ত্যাগ করবেন। ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারের সময় তিনি বিদেশ যেতে পারেননি। এমনকি তাকে অনেকটা গৃহবন্দির মতো পরিস্থিতিতে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়। বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি এখন তুলনামূলকভাবে পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন। চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর। ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে থাকবেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। অন্তর্বর্তী সরকারের সময় তিনি একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন-কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সিঙ্গাপুর ও লন্ডনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। এমনকি কসোভো ও কাতারের মতো দেশের রাষ্ট্রীয় আমন্ত্রণেও তিনি অংশ নিতে পারেননি বলেও দাবি করা হয়। সব মিলিয়ে, গণ-অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি।


















