দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে উপস্থিত প্রথম স্ত্রী, অতঃপর…
- Update Time : ০২:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গোপনে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে প্রথম স্ত্রী ও তার লোকজন বরের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪-৫ জন আহত হন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস পূর্বে তিনি দেশে ফিরে আসেন এবং একপর্যায়ে স্ত্রী রিমা আক্তারের শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দেন। এরপর শনিবার (১৮ এপ্রিল) রুবেলের পুনরায় বিয়ের দিন ধার্য করে তার পরিবার। এ সংবাদ পেয়ে রুবেলের আগের স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন।
রিমা আক্তার বলেন, রুবেল দেশে ফিরে আমাকে তাদের বাড়ি নিয়ে আসে। গত তিন মাস পূর্বে আমাকে বাবার বাড়িতে রেখে এসে আর খোঁজখবর নেয়নি। শুনেছি তিনি আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, যা সঠিক নয়। আজ শনিবার তিনি আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমি ও আমার পরিবারেরর সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের বেশ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মহিম উদ্দিন রুবেল বলেন, রিমা শারীরিকভাবে অক্ষম। তাই আমি গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দিয়েছি। আজকে পুনরায় বিয়ে করতে রওনা হওয়ার আগমুহূর্তে তারা আমাদের বাড়িতে এসে হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।




























