সিলেটে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’
- Update Time : ১০:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের আকাশে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, আজ রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাংশে আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে একই সময়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার রয়েছে, যা দেখে আসন্ন বৃষ্টিবলয়ের উপস্থিতি সহজে বোঝা যাচ্ছে না। পোস্টে আরও বলা হয়, ‘গর্জন’ নামের এই প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল (৪ দিন) পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।




























