স্থানীয় নির্বাচনে ফিরছে নির্দলীয় ব্যবস্থা
- Update Time : ১২:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিয়ে আবারও নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব স্তরের নির্বাচনেই রাজনৈতিক দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার বিধান বাতিলের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০২৬’-এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে সংশোধিত আইনের মাধ্যমে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন করা হয়েছিল। নতুন আইনে সেই বিধানগুলো বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা এ সংক্রান্ত একটি অধ্যাদেশের ধারাগুলোকেই স্থায়ী আইনে রূপ দিতে যাচ্ছে বর্তমান নির্বাচিত সরকার।
প্রস্তাবিত ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০২৬’-এর খসড়ায় ২০১৫ সালের সংশোধিত আইনের একাধিক ধারা বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ৩২(ক) ধারা, যেখানে মেয়র পদে নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মনোনয়ন বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার বাধ্যবাধকতা ছিল, তা বাতিলের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ৩৫ নম্বর ধারাটিও বিলুপ্ত হতে যাচ্ছে, যা দলীয় ভিত্তিতে প্রার্থী হওয়ার বিষয়গুলো নিয়ন্ত্রণ করত।
তবে বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতেই রাখা হচ্ছে (ধারা ১৩ক)। পাশাপাশি জনস্বার্থে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধানটিও (ধারা ২৫ক) বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান জানান, অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে যে অধ্যাদেশ জারি করেছিল, তা নতুন সরকারের মন্ত্রিসভায় তোলা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে প্রস্তাবটি সংসদে পাঠানো হবে। তিনি বলেন, সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় হবে। মন্ত্রণালয় শুধু পূর্ববর্তী প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা করছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন আগেই দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সুশাসনের জন্য নাগরিক-এর (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের ফলে মনোনয়ন-বাণিজ্য এবং সহিংসতা বেড়েছে। যোগ্য ও সম্মানিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারছিলেন না। নির্দলীয় ব্যবস্থা ফিরলে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের গুণগত মান বৃদ্ধি পাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসার পর এখন স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনে আইনটি পাস হতে পারে। আইন পাসের পরপরই সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে এই নতুন ব্যবস্থার যাত্রা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয় সূত্র।
পর্যায়ক্রমে সিটি করপোরেশনের পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ধরনের পরিবর্তন আনা হবে বলে জানা গেছে।



















