বয়স্কদের সুস্থতায় ইফতারে কেমন খাবার চাই
- Update Time : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রমজানের সময় রোজা রাখার ফলে সব বয়সের মানুষের ওপরই প্রভাব পড়ে। তবে বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশিই। শরীর সতেজ রাখতে এবং অসুস্থতা এড়াতে প্রবীণদের ইফতারে প্রয়োজন সঠিক ও পুষ্টিকর খাবার। চলুন জেনে নিই বয়স্কদের জন্য সহজপাচ্য ও স্বাস্থ্যকর ইফতার কেমন হতে পারে।
শুরুটা হোক প্রাকৃতিক শক্তিতে। ইফতারের শুরুতে খেজুর রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা মুহূর্তেই শরীরে শক্তি জোগায়। এর পাশাপাশি কলা, আপেল বা পেয়ারার মতো তাজা ফল রাখা উচিত, যা সহজে হজম হয় এবং ভিটামিনের জোগান দেয়।
তরল খাবার
বয়স্কদের জন্য সারা দিনের পানির ঘাটতি মেটাতে ডাবের পানি সেরা পানীয়। এটি শরীরকে ঠাণ্ডা রাখে। এ ছাড়া ইফতারে গরম সবজি বা মুরগির স্যুপ রাখা যেতে পারে। এটি একদিকে যেমন প্রোটিন দেয়, অন্যদিকে হজমেও কোনো ঝামেলা করে না।
ফাইবার বা আঁশযুক্ত খাবার
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজমশক্তি কমে যায়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতারে গাজর, ফুলকপি বা এ জাতীয় ফাইবার সমৃদ্ধ সবজি রাখা দরকার।
প্রোটিন ও খনিজ উপাদান
শরীরের ক্ষয় পূরণে মাছ, ডিম কিংবা দুধের তৈরি হালকা খাবার রাখা জরুরি। তবে খেয়াল রাখতে হবে, রান্না যেন অতিরিক্ত তেল-মসলাযুক্ত না হয়। ভাজাপোড়া খাবারের বদলে স্টিম বা সেদ্ধ করে দিলে তা স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ।
পরিমাণে অল্প, বারবার গ্রহণ
একসঙ্গে অনেক বেশি খাবার খেলে বয়স্কদের পেটে অস্বস্তি হতে পারে। তাই বড় এক থালা খাবারের বদলে ছোট ছোট অংশে ভাগ করে কিছুক্ষণ পরপর খাবার পরিবেশন করা ভালো।

























