দুই গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতাসহ দুইজন নিহত, আহত অর্ধশত
- Update Time : ০৭:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অর্ধশত সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলায়।
শনিবার সকাল ১১টায় ঘন্টাব্যাপি উপজেলার চৌমুনা পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার গোরেশপুর গ্রামের বিএনপি নেতা শেরুজ্জামান ও বেরী গ্রামের মাসুক মিয়ার পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতরা হলেন, উপজেলার গোরেশপুর গ্রামের মৃত উমর আলীর ছেলে ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেরুজ্জামান, বেরীগাঁও গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে এবাদুল্লাহ ।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর ও বেরীগাঁও গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তজনা চলছিল। গত রমজানে তুচ্ছ ঘটনা নিয় গোরেশপুর গ্রামের ছয়ফুল ইসলাম নামের একজনের দাঁত ভাঙে বেরীগাঁও গ্রামের একদল যুবক। প্রতিশোধ স্বরূপ বেরীগাঁও গ্রামের কাওসার নামের এক যুবককে কুপিয়ে আহত করেন গোরেশপুরের লোকজন।
এইসব ঘটনার জের ধরে শনিবার বেলা ১১টার দিকে চৌমুনা পয়েন্টে বিএনপি নেতা সেরুজ্জামানকে রামদা দিয়ে কুপায় বেরীগাঁও গ্রামের একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর গ্রামের আসার পর সেরুজ্জামানের উত্তেজিত সমর্থকরা বেরীগাঁওয়ের লোকজনদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে এবাদুল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত হন অর্ধশত। উত্তেজনা থামাতে ও আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।





























