০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি
- Update Time : ০১:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চামড়া পাচার রোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদুল আযহার পরে কোনো চোরাকারবারী যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে কোনো পশুর চামড়া পাচার করতে না পারে সে জন্য সীমান্তে এই কঠোর নজরদারী করা হয়েছে। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারী।
ট্যানারি মালিকদের নির্ধারণ করা মূল্যে পশুর চামড়া বিক্রি করতে না পেরে কোনো চোরাচালানী যাতে প্রতিবেশী দেশ ভারতে চামড়া পাচার করতে না পারে সে জন্য এই টহল জোরদার করা হয়েছে। কোরবানির পর চোরাকারবারীরা অসৎ উদ্দেশ্যে প্রচুর পরিমাণ পশুর চামড়া অবৈধভাবে পার্শ্ববর্তী দেশসমূহে পাচার করে থাকে। এ জন্য চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানোসহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান জানান, সাতক্ষীরায় সীমান্ত দিয়ে যাতে কোনো চোরাচালানি ভারতে চামড়াসহ কোনো ধরনের পণ্য পাচার না করতে পারে সেজন্য সমগ্র সীমান্ত এলাকাজুড়ে বিজিবি বিশেষ সতর্কাবস্থাসহ গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
তিনি আরো জানান, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের পাচার ও জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা। এখান থেকে যাতে কোনো চোরাচালানি চামড়া পাচার না করতে পারে সেজন্য বিজিবির পাশাপাশি পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ৭ দিন যাবৎ এই নিরাপত্তা জোরদার থাকবে।





























