বাবুর ভয়ে ভীত ছিলেন মুশফিকরা
- Update Time : ০২:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: চ্যালেঞ্জিং স্কোর গড়ে জয়ের অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকাররা। কিন্তু তাদের সেই জয় ছিনিয়ে নিতে চেয়েছিলেন সিলেটের পেসার আলাউদ্দিন বাবু। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৩৬ রান। জিততে হলে প্রতি বলেই ছক্কা হাঁকাতে হতো। পেসার কামরুল ইসলাম রাব্বির করা ওভারের প্রথম তিন বলে লং অফ আর স্কয়ার লেগের ওপর দিয়ে পরপর তিন ছক্কা হাঁকিয়ে সব আলো নিজের দিকে নিয়ে নেন আলাউদ্দিন বাবু। জয়ের জন্য শেষ তিন বলে সিলেটের প্রয়োজন ছিল ১৮ রান। তিন বলেই ছক্কা হাঁকাতে হতো। কামরুল ইসলাম রাব্বির করা ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর পরই দুশ্চিন্তায় পড়ে যায় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি কিপিং পজিশন থেকে দৌড়ে গিয়ে রাব্বিকে কিছু কটু কথা শুনিয়ে পজিশন মতো বল করার পরামর্শ দেন। মুশফিকের চোখ রাঙানি খেয়েও রানের লাগাম টেনে রাখতে পারেননি রাব্বি। তার করা তৃতীয় বলে ফের ছক্কা হাঁকান বাবু। কিন্তু বুক বরাবর ওঠা চতুর্থ বলটি বাউন্ডারিতে পরিণত করতে পারেননি আলাউদ্দিন বাবু। একরাশ হতাশার প্রকাশ করেই সিঙ্গেলে পজিশন পরিবর্তন করেন তিনি। পঞ্চম বলটি ব্যাটেই লাগাতে পারেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ বলে সিঙ্গেল নিয়ে হারের ব্যবধান কমান তিনি। ১৮৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করতে পারেনি সিলেট। উইকেট বাঁচিয়ে রাখতে গিয়ে স্লো মোশনে ব্যাটিং করেন দুই ওপেনার ল্যান্ডন সিমন্স ও এনামুল হক বিজয়। বিজয় উইকেটে সেট হয়ে হাত খুলে মারলেও সেট হওয়ার আগেই ফেরেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান সিমন্স। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তুলতে পারে সিলেট। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারালেও সিলেট তুলে নেয় ৯৮ রান। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে এনামুল হক বিজয় ও ল্যান্ডন সিমন্সরা মারকাটিং ক্রিকেট খেলতে পারলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যেত। কিন্তু তারা সেটা করতে না পারায় ১৫ রানে হেরে যায়। মাত্র ৭ বলে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে ২৫ রান করেন আলাউদ্দিন বাবু। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের ২২তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১ রানেই ২ উইকেট হারায় খুলনা। তবে ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা। ৬২ বলে ৮২ আর ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন সৌম্য ও মুশফিক।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৮২/৩ রান (সৌম্য ৮২*, মুশফিক ৬২*, ইয়াসির আলী ২৩)।
সিলেট: ২০ ওভারে ১৬৭/৬ রান ( এনামুল হক বিজয় ৪৭, কলিন ইনগ্রাম ৩৭, মোসাদ্দেক হোসেন ৩৯, আলাউদ্দিন বাবু ২৫*)।
ফল: খুলনা ১৫ রানে জয়ী।




























