প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা
- Update Time : ০৪:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় নামে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সাভারে। এঘটনার পর থেকে অভিযুক্ত মিজানুর রহমান পলাতক রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে। নীলা রায় (১৪) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। তিনি তার পরিবারের সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতেন। অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই পাভেল মোল্লা জানান, দীর্ঘদিন ধরে মিজানুর নামে ওই যুবক নীলাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখান করার পরও ওই যুবক নীলাকে উত্যক্ত করতেন। সবশেষ রোববার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যান তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করেন মিজানুর। এসময় নানা ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে নীলার মৃত্যু হয়।





























