ছাতকে বিশেষ টি আর প্রকল্পের টাকা আত্মসাতের পায়তারা
- Update Time : ০৪:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে কয়েকটি বিশেষ টি আর প্রকল্পের কাজ না করেই প্রকল্প সংশ্লিষ্টরা বিল উত্তোলন করে নিয়ে গেছেন। এতে প্রকল্প সমুহে কাজ না হওয়ার সম্ভাবনাই বেশী। এখানে ২০১৯-২০২০ অর্থ বছরের বেশ কয়েকটি প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প চেয়ারম্যানরা কাজ না করে বা আংশিক কাজ করে এসব কাজের ফাইন্যাল বিল উত্তোলন করে নিয়ে গেছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে এসব প্রকল্পের টাকা তুলে নেয়ার অভিযোগ রয়েছে। উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কইতক কবরস্থান উন্নয়ন প্রকল্পে মাটি ভরাট না করেই ৫০হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এতে কমিশন নিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান ও অফিসের আসাদ আলী। এদিকে ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাও কবরস্থান উন্নয়নের ১ লক্ষ টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। এ প্রকল্পে ও কোন কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান সমুদয় টাকা নিয়ছেন বলে দাবি করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কিন্তু প্রকল্পের চেয়ারম্যান নাজমুল হোসেন এ থেকে ২০ হাজার টাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়েছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ প্রকল্পের টাকা অন্য একটি কবরস্থানের ছবি ব্যবহার করে উত্তোলন করা হয়েছে। এ প্রকল্পে কাজ হয়নি এমন আলোচনা নিয়ে রোববার উত্তপ্ত ছিল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। উপজেলা চত্তরে ও এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। এ ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে বলে জানা গেছে।
ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম আন্ধারীগাও কবরস্থান উন্নয়ন প্রকল্পে কোন কাজ হয়নি বলে জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প ভিজিট না করেই বিল ছাড় দিয়েছেন। এ ভাবে বিল ছাড় দেয়ায় বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত হচ্ছে।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান জানান, জুন ফাইনালের কারনে ৪৫ দিনের শর্তে কাজের বিল দেয়া হয়েছে। এর মধ্যে কাজ শেষ না করলে সমুদয় টাকা ফেরত দিতে হবে।





























