ছাতকে ইউপি সদস্যের আপন ভাই ও বোনসহ একই পরিবারের ৪ সদস্যের নাম তালিকাভুক্ত: এলাকায় তোলপাড়!
- Update Time : ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের সংকট মুহূর্তে সরকার অসহায়, দিনমজুর, অসচ্ছল পরিবারে ত্রাণ সহায়তার হাত বাড়ালেও দেশের বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বাররা ত্রাণ সহায়তা ও নামের তালিকায় একের পর এক অনিয়মকে নিয়মে পরিণত করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান কর্মসূচিতেও ঘটেছে স্বজনপ্রীতি। করোনা মোকাবেলায় মানবিক সহায়তা ও প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্বামী স্ত্রীসহ একই পরিবারের চারজনসহ ইউপি সদস্যের আপন ভাই ও বোনের নাম তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার সাজিল হোসেন বাবুলের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, তালিকায় উল্লেখিত ৫১২নং ক্রমিকে হাছিন মিয়া ও ৫১৬নং ক্রমিকে হাছিন মিয়ার স্ত্রীর শাহিদা বেগমের নাম রয়েছে। এছাড়া ৪৮৭নং ক্রমিকে হাছিন মিয়ার বাবা বাদশা মিয়া ও ৫০৩নং ক্রমিকে হাছিন মিয়ার ভাই ফারুক মিয়ার নামও তালিকাভুক্ত করা হয়েছে।
এদিকে ৫০২নং ক্রমিকে উকিল আলী ও ৫০৪নং ক্রমিকে রাশেদা বেগমের নাম রয়েছে যারা ইউপি সদস্য সাজিল হোসেন বাবুলের আপন ভাই ও বোন। এনিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল জানান, একই পরিবারের হলেও তারা সকলেই নিম্ন মধ্যবিত্ত এবং ত্রাণ পাওয়ার উপযুক্ত তাই তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।





























