ছাতকে বোরো ধানের বাম্পার ফলন ধান কাটা, মাড়াই-ঝাড়াই শেষ পর্যায়ে
- Update Time : ১২:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো ধান গোলায় তুলতে এখানের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। বোরো ধানের বাম্পার ফলনে একানের কৃষকের মুখে হাসির ঝিলিক। করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দিলে কৃষকরা অনেকটা অসহায় হয়ে পড়েন। এ দূর্যোগের সময়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন। পাকা ধান হাওরে এখন কমই দেখা যাচ্ছে। শেষ সময়ে শ্রমিক সংকট অনেকটা কমে এসেছিলো। যার ফলে পাকা ধান কাটতে কৃষকদের বেশি বেগ পেতে হয় নি। আগাম বন্যার আশঙ্কায় কৃষকরা ছিলেন শংকিত। বর্তমানে এ অঞ্চলের কৃষকদের বোরো ফসল ঘরে তুলার শংকা অনেকটাই কেটে গেছে। উপজেলার হাওরে হাওরে চলছে এখন বোরো ধান কাটা, মাড়াই-ঝাড়াইয়ের উৎসব৷ উপজেলা কৃষি অফিসের সূত্রমতে এখানে ৭০ ভাগ পাকা ধান কাটা হয়ে গেছে। ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান ছাতকে বোরো ধানের ফলন ভালো হয়েছে। উপজেলায় ১৪০০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়। আগাম বন্যার আশংকা ও করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেয়ায় ধান কাটা নিয়ে শংকিত ছিলেন সবাই। বিপদ অনেকটা কেটে গেছে। কৃষকরা প্রায় ৭০ শতাংশ ধান ইতিমধ্যে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। দ্রুত ধান কাটার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃগোলাম কবির সহ প্রশাসনের ব্যাপক সহযোগিতা ছিল এবং অব্যাহত রয়েছে। ##





























