ছাতকে করোনা পরিস্থিতি মোকাবেলায় আগ্রহী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ
- Update Time : ০৩:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনকে সহায়তা করতে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট পরিমাণ আগ্রহী যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় ছাতক সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে পৌরসভা, ছাতক সদর ইউনিয়নের ৩২জন ও ইসলামপুর ইউনিয়নের ১জনসহ ৩৩জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়। এসব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী।
সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ, সন্দেহভাজন করোনা রোগীদের আনা-নেয়া এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মত্যুবরণকারীর মৃতদেহ বিশেষ কফিন বক্সে ঢুকানো ও কবরস্থ ও সৎকার করার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি এসব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাস্ক, গ্লাপস, পিপিই, গগজ প্রভৃতি সেফটিমুলক পোশাক পরিধান করা এবং খোলার বিষয়েও প্রতীকি প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ নেয়া স্বেচ্ছাসেবকদের এসব কাজে অংশ নেয়ার সময় নিজেকে শতভাগ নিরাপদ থাকার বিষয়টি প্রশিক্ষণকালে বার বার স্মরণ করিয়ে দেয়া হয়। একই সাথে সন্ধ্যে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ঘুরাফেরা করতে দেখা গেলে তাকে দাঁড় করিয়ে পুলিশে খবর দেয়ার জন্যও থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক সিমেন্ট কারখানার উপ মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, পিআইও কেএম মাহবুব রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।





























