সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন এর কবিতা “তোমার কি চাই কবি?”
- Update Time : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পন্দনহীন এই ক্রমবর্ধমান নাগরিক সভ্যতায়
অকৃত্রিম সাগ্রহে করতে চাচ্ছেন
সামাজিক কাঠ গোলাপের চাষ!
শুদ্ধতা, শুভ্রতা, শুভমিতা কিংবা দীপ্তিহীন
নাগরিক কোলাহল থেকে মুক্তি চেয়ে,
কতোটা ভুল করছেন জানেন কবি?
আজন্ম বেখেয়ালি ভুল ।
ওরা না তোমায় বাঁচতে দেবে!
ওরা না তোমায় মরতে দেবে!
তথাকথিত সামাজিক বেড়াজালে,
ভয়ানক শশব্যস্ত করে তুলবে
তোমার হুট করে মরে যাওয়া অনিশ্চিত জীবন ।
কিছু করার নেই কবি, কোথাও যাবার নেই ।
কল্পনার আনন্দ নিকেতন থেকে বেড়িয়ে
আশ্রয় নিন সামাজিক জীবনে,
নিজেকে বিক্রি করে দিন অনিচ্ছাবশত!
দশটা পাঁচটার বাঁধানো জীবনে
একদিন নিশ্চিন্তে সব ভুলে যাবেন,
কল্পনা কি? স্বপ্ন কি? কবিতা কি?
কবিতাগুলো স্থান করে নেবে সাংসারিক খোঁয়াড়ে
ধুলোর আস্তরণে মরিচা পড়বে কবিতার খাতায় ।
শেষতক অকৃতপায় জীবন্মৃত হয়ে
সৃষ্টিকর্তার কাছে কি চাইবেন?
এক কবিময় ভাবনা শেষে
এটাই কি ভাবছেন কবি?
এভাবে না হয় জীবন কেটে যাচ্ছে
এভাবেই পূর্ণদৈর্ঘ্যে কেটে যাক,
ছাইপাঁশ কেন বাড়ছে বয়স?
এই বয়সেই না হয় বয়স থেমে যাক ।।



















