বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ আহত ৭
- Update Time : ০৫:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ ৭জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে কাজিরগাঁও গ্রামের মৃত হাজী ওয়াহাব আলীর মেয়ে কলেজ ছাত্রী শাহানারা বেগম (২০)’র উপর তারই সৎ ভাই যুক্তরাজ্য প্রবাসী মছলন্দর আলী (৪০)’র পক্ষের লোকজন ওই হামলা করেছেন বলে অভিযোগ রয়েছে।
হামলায় কলেজ ছাত্রী শাহানারা বেগমসহ আহতরা হলেন- আলেয়া বেগম (৪৮), আমির আলী (৬০), কাঁচা মিয়া (৩২), শিপন মিয়া (২৪), তোতা মিয়া (২৩) রুকন মিয়া (২৫)। চিকিৎসা নিতে আহতরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে রোগীদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কলেজ ছাত্রী শাহানারা জানান, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে যুক্তরাজ্য প্রবাসী তার সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতেও একাধিক মামলা চলমান রয়েছে। তারপরও মঙ্গলবার তার (শাহানারা) প্রবাসী সৎ ভাই মছলন্দর আলী ডাব খাওয়ার জন্য ওই বিরোধকৃত বাড়িতে যান। গাছের ডাব পাড়তে গেলে প্রবাসী সৎ ভাই মছলন্দরকে তিনি (শাহানারা) বাঁধা দিলে শাহানারার পরিবারের উপর হামলা চালান মছলন্দর আলীর লোকজন। এতে মা’সহ তার পক্ষের ৬ জন লোক আহত হন। পাশাপাশি তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী মছলন্দর আলী বলেন, মেহমানদের নিয়ে তার পৈত্রিক গাছের ডাব খেতে গেলে শাহানারা বেগমের কাছে তিনি চরম অপমানিত হতে হয়েছেন। আর ওই অপমান সহ্য করতে না পারায় তার পক্ষের লোকজনের সাথে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।





























