হবিগঞ্জে চোরের হামলায় আহত ৫
- Update Time : ০৪:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ সদর উপজেলার পইলে চোরকে আটকের ঘটনার জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পইল রোডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। ওইদিন রাতেই আবারও পইল আসামপাড়া গ্রামে বাচ্চু মিয়ার দোকানে চুরি করতে ডুকে একদল যুবক। এ সময় চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে এক চোরকে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রেখে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় মুরব্বিদের খবর দেওয়া হয়। পরে মুরব্বিরা শালিস বৈঠকের মাধ্যমে আটককৃত চোরকে মুছলেখায় ছেড়ে দেয়।
আটককৃত চোর ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩০)।
এরই জের ধরে সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে লায়েছ মিয়া ও তার পরিবারের লোকজন একই এলাকার বাচ্চু মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে বাচ্চু মিয়ার পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে- বাচ্চু মিয়া (৩৫), তার মা ফরিদা বেগম (৬০) ও খালা রজব চাঁনকে (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের জানান, এলাকার ছেলে হওয়ায় বিষয়টি আমরা সমাধান করে দিয়েছিলাম। কিন্তু সে ও তার পরিবারের লোকজন বাচ্চু মিয়ার উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, এর আগেও লায়েছ মিয়ার বিভিন্ন বিষয় আমরা সমাধান করে দিয়েছি।





























