নৌবাহিনীর নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী
- Update Time : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। আওরঙ্গজেব চৌধুরী বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬ জানুয়ারি (২০১৯) অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন (২০১৮) অনুযায়ী আগামী ২০২০ সালের ২৫ জুলাই অপরাহ্ন পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।
একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, মেরিন একাডেমির কমান্ডেন্ট, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি।
আওরঙ্গজেব চৌধুরী জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি হাওয়াই থেকে ফ্লাগ অফিসার কমপোনেন্ট কমান্ডার কোর্স সম্পন্ন করেন।
নতুন এই নৌবাহিনীর প্রধান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি এবং ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। তিনি এখন ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পিএইচডি করছেন। আওরঙ্গজেব চৌধুরীর স্ত্রী একজন চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।





























