সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সিলেটের বাসায় হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মিজান চৌধুরীর বড় ভাই কুতুবুর রহমান চৌধুরী বাদী হয়ে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেছেন।
মামলার আইনজীবী শওকত চৌধুরী বলেন, ‘নগরীর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। তাই বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। থানায় মামলা না নেওয়ার বিষয়টি আদালতে দাখিল করা মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। শুনানি শেষে আদালত মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করতে কোতোয়ালী থানাকে নির্দেশ দিয়েছেন।’
আদালতে দাখিল করা মামলার এজাহারের সঙ্গে অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে হামলার আগে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ছবি ও ভিডিও ফুটেজ সংযুক্ত করে দেওয়া হয়েছে।
মামলাটি থানায় তালিকাভুক্ত হয়েছে কিনা, তা জানতে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে ফোন দেওয়া হলে তিনি ‘প্রোগ্রামে আছি’ বলে মন্তব্য করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার ছুরিকাহত হন। এ ঘটনার জের ধরে সেদিন সন্ধ্যার পর নগরীর ফাজিলচিস্ত এলাকাস্থ বিএনপি নেতা মিজান চৌধুরীর বাসায় হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বাসার নিচতলায় থাকা দুটি পাজেরো জিপ, দুটি মোটরসাইকেল এবং বাসার দরজা-জানালা ভাঙচুর করা হয়।





























