হেলমেট ছাড়া তেল নয়, স্টপেজ ছাড়া থামবে না বাস
- Update Time : ০৫:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাজধানীর সড়কে লেগুনা চলবে না এবং স্টপেজ ছাড়া কোনো বাস থামবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা প্রোগ্রাম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন থেকে আর কোনো লেগুনা চলতে দেয়া হবে না। কারণ, লেগুনার কোনো রুট পারমিট নাই। অবৈধভাবে লেগুনা চলাচল করেছে এতদিন। সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তবে শহরের উপকণ্ঠ যেমন- বছিলা, ৩০০ ফিট, ডেমরা এলাকায় চলাচল করতে পারবে। এসব এলাকায় চলাচল করলে কোনো বাধা দেয়া হবে না।
ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। হেলমেট ছাড়া কাউকে পেট্রোল পাম্পে জ্বালানি দেয়া হবে না। নগরীর অনেক পেট্রোল পাম্পে এই কার্যক্রম চালু হয়েছে। পেট্রোল পাম্পের মালিকদের সঙ্গে বসে এই সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলে দু’জনের বেশি চড়তে পারবে না। ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানো যাবে না। অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে তাদের সহযোগিতায় মহানগরীতে ১২১টি বাস স্টপেজ নির্ধারণ করেছি। মহানগরীতে চলাচলকারী বাসগুলো কেবল সেখানেই থামবে। স্টপেজ ছাড়া বাসের দরজা বন্ধ থাকবে এ সময় কোনো যাত্রী ওঠানামা করতে পারবে না। তিনি বলেন, সিটি করপোরেশন নির্ধারিত বাস স্টপেজে সাইনবোর্ড বসাবে। সাইনবোর্ডের কাজ প্রায় শেষ। এ সপ্তাহেই এগুলো নির্ধারিত স্থানে বসানো হবে।
বাসের দরজা বন্ধ রাখার কাজটি ৯০ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে মাসব্যাপী ট্রাফিক কর্মসূচি পালনের সময় এটি শতভাগ হবে। বাসস্টপেজ ছাড়া কোথাও বাস থামলে তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেবে। কমিশনার আরো বলেন, জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিক সিস্টেম চালু করা হবে। এই পথে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে গাড়ি চলাচল করবে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কে এই পদ্ধতি চালু করা হবে। এদিকে ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া কোনো রিকশা চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, যেসব রিকশার নিবন্ধন রয়েছে সেগুলো চলতে পারবে।


























