টাইব্রেকারে স্পেনকে বিদায় করে শেষ আটে রাশিয়া
- Update Time : ০৪:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে স্বাগতিক রাশিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। তাই টাইব্রেকারেই নির্ধারিত হয় ভাগ্য। যেখানে স্পেনের দুটি স্পট কিক গোলরক্ষক ঠেকিয়ে দেয়ায় ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাশিয়া।
আত্মঘাতী গোলে খেলার ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। কিন্তু ৪১ মিনিটে পেনাল্টিতে সমতায় ফেরে রাশিয়া। সেই সমতা নির্ধারিত সময়ে ভাঙতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়ে গোল হয়নি। পরে ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে।
স্পেনের জন্য অবশ্য দুর্ভাগ্যই বলতে হবে। কারণ পুরো ম্যাচ তারা দুর্দান্ত খেলেছে। খেলায় ৭৯ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল স্পেনের। গোলমুখে তারা শট নিয়েছে ২৪টি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।
ম্যাচে সমতায় ফেরার পর রাশিয়া সবচেয়ে বেশি জোর দিয়েছে রক্ষণে। সেই কৌশল অবশ্য ভালোই কাজে লেগেছে। পুরোটা সময় সেই সমতা তারা ধরে রাখতে সক্ষম হয়েছে।
পরে টাইব্রেকারে ভাগ্যের জোরে জিতেছে রাশিয়া। পেনাল্টিতে কোকে ও ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ। তাই টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে চলে যায় রাশিয়া। আর বিদায় হয়ে যায় স্পেনের।
চলতি বিশ্বকাপে অবশ্য তারকা নির্ভর দলগুলো শেষ ষোলো থেকেই বিদায় নিচ্ছে। শনিবার শেষ ষোলোর দুটি ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ফ্রান্সের কাছে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এবার ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন বিদায় নিল রাশিয়ার কাছে হেরে।



























