খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক নির্বাচিত
- Update Time : ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।
মঙ্গলবার (১৫ মে) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।
কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে খালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে, খুলনায় শান্তিপূর্ণভাবে চমৎকার নির্বাচন হয়েছে দাবি করে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এই সন্তুষ্টির কথা জানান।
তিনি জানান, তিনটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই তিনটি কেন্দ্র ছাড়া আর কোথাও অনিয়ম হয়নি।





























