বিশ্বনাথে গাড়ি সহ ২টি গরু আটক করেছে জনতা
- Update Time : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে একটি গাড়ি সহ ২টি গরু আটক করেছে জনতা।
বিশ্বনাথে চোরাইকৃত ২টি গরু’সহ একটি নোহা (ঢাকা-গ-১১-৮২২০) গাড়ি আটক করে পুলিশে দিয়েছেন জনতা। শনিবার উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দর বাজারে চোরাই গরুবাহী গাড়িটি আটক করলেও গরু চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা চোরাইকৃত দুটি গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত গাড়িটি থানায় নিয়ে আসে। গরুগুলো গত শুক্রবার রাতে ছাতক উপজেলার বাহীবুলি নোয়াগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে চুরেরা গরুগুলো চুরি করে নিয়ে আসে বলে থানা পুলিশ জানায়।
লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, শনিবার সকালে কয়েকজন চোর একটি নোহা গাড়ির ভিতরে দুটি গরু গোলচন্দর বাজার দিয়ে নিয়ে যেতে দেখেন বাজার মসজিদের ইমাম। এসময় তিনি স্থানীয় লোকজনকে ডেকে গাড়িটি আটক করেন। তবে গরু ও চোরাই গরুবাহী গাড়ি আটক করলেও গরু চোরেরা পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গরু ও গাড়ি থানায় নিয়ে যায়।
এব্যাপারে থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, চোরাই গরু ও গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। গরুগুলো ছাতক উপজেলা থেকে চোররা নিয়ে আসে। তবে গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২৩মার্চ) উপজেলার বন্ধুয়া গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরাই গরু ও চুরিতে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা’সহ ৪ চোরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেন।




























